Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙায় ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেয়ার অভিযোগে দেশটিতে বসবাসকারী আরও ২১ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে সৌদিতে মোট ২৯ হাজার ৭৭৩ জন অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ ও ১ হাজার ৯২৮ জন নারী।

সৌদি আইনে অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত সতর্ক করে আসছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করেন। দেশটির শ্রমবাজারে বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী কর্মরত রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম