এস আলম কেডিএসকে মালিকানা ফিরিয়ে দেয়ার তৎপরতা
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চার স্বতন্ত্র পরিচালককে পদত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর রোববার (১৩ সেপ্টেম্বর) তারা পদত্যাগ করেন। এতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক রাখার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হয়। পরিচালক সংখ্যা ২০ জনের কম হলে অন্তত দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। অথচ চারজন পদত্যাগের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক রয়েছেন মাত্র একজন।
পদত্যাগ করা চার পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং পেশাদার সনদপ্রাপ্ত হিসাববিদ মোহাম্মদ আশরাফুল হাসান।
পদত্যাগকারী এক পরিচালক জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি মৌখিক নির্দেশ পাওয়ার পর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক যেখানে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা জোরদার করার কথা বলছে, সেখানে তাদেরই পদত্যাগে বাধ্য করার ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে। এতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সুশাসন ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ কতটা বজায় থাকবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম ও কেডিএস গ্রুপ যৌথভাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনা করত। ওই সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আবদুস সামাদ লাবু। কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানও ব্যাংকটির পরিচালনায় যুক্ত ছিলেন।
সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। দায়িত্ব নেয়ার পর তারা আগের সময়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিশেষ নিরীক্ষা করান। এসব নিরীক্ষায় বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসংগতির তথ্য উঠে আসে।
জানা গেছে, গত জুলাইয়ে ব্যাংকটিতে কেডিএস গ্রুপের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে পুরোনো ১৪ জন শেয়ারধারীকে পরিচালক পদে পুনর্নিয়োগ দেয়া হয়। পুনর্গঠিত পর্ষদে বদিউর রহমান চেয়ারম্যানের দায়িত্ব নেন। কেডিএস গ্রুপের সেলিম রহমান নির্বাচিত হন নির্বাহী কমিটির চেয়ারম্যান।
অভিযোগ উঠেছে, পুরোনো শেয়ারধারী কেডিএস গ্রুপের হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই চার স্বতন্ত্র পরিচালককে সরিয়ে দেয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
সবার দেশ/কেএম




























