বালুর ট্রাক দিয়ে এনসিপিকে আটকে রাখা যাবে না: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বাধা বা বালুর ট্রাক দিয়ে এনসিপির অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন,
বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।
আসিফ মাহমুদের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান নেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটওয়ারী ও ডা. মাহমুদা জাহান মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগ্বিতণ্ডার পর একপর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হন। একই দিন হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায়ও বৃষ্টির মধ্যে সড়কে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জ জেলা শহরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। অন্যদিকে জেলা যুবদলও একই দিনে সমাবেশের ডাক দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
সবার দেশ/কেএম




























