ঈদের পথে মৃত্যু ফাঁদ
বগুড়ায় মাইক্রোবাস বিস্ফোরণে চালকসহ নিহত ৩
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সে যাত্রাই হয়ে উঠলো জীবনের শেষ পথ। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলো। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে যাত্রীরা অনেকেই বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঈদকে ঘিরে যখন সারা দেশে আনন্দের আমেজ, ঠিক সে সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্থানীয় এলাকায়।
সবার দেশ/কেএম




























