নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির
‘ভোটগণনা শেষ হলেও ফল ঘোষণা নেই’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিভিন্ন আসনে গণনা সম্পন্ন হলেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বেশ কিছু আসনে ভোট গণনা শেষ হয়েছে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১ দলীয় জোটের প্রার্থীরা সেখানে এগিয়ে রয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করছেন না।
তিনি দাবি করেন, গণনার কাজ সম্পন্ন হওয়ার পরও ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব তৈরি করা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তার ভাষায়, যেসব আসনে আমাদের জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, সেসব আসনের ফলাফল আটকে রাখা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে ফল ঘোষণা করার দাবি জানাচ্ছি।
জামায়াত আমির আরও বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা ছিল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া। কিন্তু ফলাফল প্রকাশে বিলম্ব হলে সে আস্থায় ধাক্কা লাগতে পারে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেন কোনও ধরনের চাপ বা প্রভাবের বাইরে থেকে দ্রুততম সময়ের মধ্যে সব আসনের ফলাফল ঘোষণা করা হয়।
তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল আসতে থাকে। এদিকে কয়েকটি আসনের ফল ঘোষণায় বিলম্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
সবার দেশ/কেএম




























