নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনসিপি প্রার্থী
৬ কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
ঢাকা-৮ আসনের ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ খান অভিযোগ করেন, সংশ্লিষ্ট ছয়টি কেন্দ্রে তিন দফা ভোট গণনা করা হয়েছে। গণনার সময় তাদের এজেন্টদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং বাতিল ভোট বৈধ হিসেবে যুক্ত করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ অনুযায়ী, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে বাতিল ঘোষিত ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার সমর্থকেরা এ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
শাহিন আহমেদ খান আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে তারা ফলাফলের কাগজ হাতে পেয়েছেন। এরপরও পুনরায় গণনার জন্য চাপ দেয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের কেন্দ্র ত্যাগ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, সেখানে বিএনপির সমর্থকেরা ফল প্রকাশে বাধা দিচ্ছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বা অভিযুক্ত পক্ষের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
সবার দেশ/কেএম




























