উগ্রবাদ ও মব সন্ত্রাস নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আলমের
‘খেলা শেষ, খোদা হাফেজ!’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মব সন্ত্রাস এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আলোচিত পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামের ওই পোস্টে তিনি রাজনৈতিক স্বার্থে উগ্রবাদী গোষ্ঠী ব্যবহারের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন।
দীর্ঘ ওই পোস্টে মাহফুজ আলম দাবি করেন, কিছু রাজনৈতিক কুশীলব নিজেদের নির্বাচনী সুবিধা অর্জনের লক্ষ্যে উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোকে ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহার করেছে। এখন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের পর সে গোষ্ঠীগুলোর দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মাজার, পত্রিকা অফিস এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনায় এ উগ্র ডানপন্থী বলয়ের সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে একটি সর্বজনীন গণআন্দোলনের পরিবর্তে পরিকল্পিতভাবে ‘ইসলামি’ বা ‘ঐতিহ্যবাদী’ বিপ্লব হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এর ফলে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মধ্যবিত্ত জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মাহফুজ আলম আরও বলেন, গত বছর থেকেই তিনি ডিজিটাল মব, অপপ্রচার এবং উগ্রবাদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এ কারণে তাকে নানা ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলেও পোস্টে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সামনের দিনগুলো সবার জন্য রেকনিংয়ের’, ইঙ্গিত দেন যে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জবাবদিহির সময় সামনে আসছে।
মাহফুজ আলমের এ পোস্ট প্রকাশের পর তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলে তার বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দেখা যাচ্ছে। তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























