Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১৬, ৬ জুলাই ২০২৬

আপডেট: ০৪:১৮, ৬ জুলাই ২০২৬

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

হালান্ড ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের বিদায়

হালান্ড ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের বিদায়
ছবি: সংগৃহীত

পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ, দখলে বল এবং অসংখ্য গোলের সুযোগ—সবই ছিলো ব্রাজিলের। কিন্তু গোলের দেখা পেলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে শেষ ১২ মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে ইতিহাস গড়লো নরওয়ে। ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

রোববার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই ছিল তুমুল উত্তেজনা। ব্রাজিল ছিলো আক্রমণাত্মক, তবে নরওয়ে ছিলো দুর্দান্ত সংগঠিত এবং রক্ষণভাগে ছিলো অবিচল।

ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রাজিলের জালে বল জড়িয়েছিল নরওয়ে। প্যাট্রিক বার্গের নেয়া শট আলিসনকে পরাস্ত করলেও ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এতে বড় ধরনের ধাক্কা থেকে বেঁচে যায় ব্রাজিল।

এরপর ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলো ব্রাজিল। ম্যাথিউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক নিতে আসেন ব্রুনো গুইমারেস। তবে তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

পেনাল্টি মিসের পরও আক্রমণ থামায়নি ব্রাজিল। প্রথমার্ধের শেষদিকে কুনহা, মার্টিনেল্লি এবং ভিনিসিয়ুস জুনিয়র একাধিকবার গোলের চেষ্টা চালালেও নরওয়ের রক্ষণভাগ এবং গোলরক্ষক নাইল্যান্ড সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নরওয়ে কৌশলগত পরিবর্তন আনে। মাঠে নামানো হয় অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপকে। অন্যদিকে ৫৮ মিনিটে ম্যাথিউস কুনহার বদলে মাঠে নামেন তরুণ তারকা এন্দ্রিক।

মাঠে নেমেই গোলের সুবর্ণ সুযোগ পান এন্দ্রিক। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস ধরে একা গোলরক্ষকের সামনে পৌঁছে গেলেও তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

এরপর ৬২ মিনিটে রায়ানের দূরপাল্লার শট এবং এক মিনিট পর ব্রুনো গুইমারেসের আরেকটি নিশ্চিত গোলের সুযোগও দুর্দান্ত সেভে রুখে দেন নাইল্যান্ড। পুরো ম্যাচজুড়েই তিনি ছিলেন নরওয়ের সবচেয়ে বড় ভরসা।

৬৭ মিনিটে ম্যাচে নতুন মাত্রা যোগ করতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মাঠে নামান দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে। তার সঙ্গে বদলি হিসেবে নামেন দানিলোও। নেইমারের আগমনে আক্রমণের গতি বাড়লেও গোলের দেখা মিলছিলো না।

অবশেষে ৭৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ডান প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে আলিসনকে পরাস্ত করে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এ তারকা স্ট্রাইকার।

ব্রাজিল তখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ৮৮ মিনিটে আবারও আঘাত হানেন হালান্ড। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের ব্যবধান ২-০ করেন তিনি। এ গোলেই কার্যত নিশ্চিত হয়ে যায় ইউরোপের দলটির ঐতিহাসিক জয়।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র। তবে সেটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এ জয়ের মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল নরওয়ে। বিশ্বকাপে এবারই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে উঠলো। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ব্রাজিল শেষ ষোলোর বাধাই পেরোতে না পেরে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে বিদায় নিলো।

ম্যাচজুড়ে ব্রাজিলের আক্রমণ, বল দখল ও সুযোগ তৈরির পরিসংখ্যান এগিয়ে থাকলেও নরওয়ের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের অসাধারণ পারফরম্যান্স এবং আর্লিং হালান্ডের দুর্দান্ত ফিনিশিংই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ