Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০০:২৭, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৮, ১১ আগস্ট ২০২৬

যেভাবে বদলে যায় বাংলাদেশের ইতিহাস

সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন

সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ছবি: সবার দেশ

পরবর্তী (পঞ্চম ও শেষ) পর্বে থাকছে—বঙ্গভবনে ছাত্রনেতাদের পাঁচ ঘণ্টার বৈঠক, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে চূড়ান্ত করার প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথের পূর্ণ বিবরণ।

(পঞ্চম ও শেষ পর্ব )

৬ আগস্ট বিকেল। রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে আবারও শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক। এবার সেখানে যোগ দেন ছাত্রনেতারা। এরই মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন রাষ্ট্রীয় কাঠামো নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং ছাত্রনেতৃত্ব—সব পক্ষের সামনে তখন একটাই প্রশ্ন, কে নেতৃত্ব দেবেন নতুন প্রশাসনকে এবং কীভাবে পুনরুদ্ধার হবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা।

বঙ্গভবনে ছাত্রনেতাদের বৈঠক

৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানকে সঙ্গে নিয়ে ছাত্রনেতারা বঙ্গভবনে পৌঁছান।

বৈঠক শুরুর আগে অপেক্ষাকক্ষে বসেই নতুন সরকারের সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা করেন তারা।

ড. তানজীমউদ্দিন খান পরে জানান, কয়েকটি প্রস্তাবিত নাম নিয়ে ছাত্রনেতাদের আপত্তি ছিলো। তাদের অবস্থান ছিলো স্পষ্ট—যারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সম্পৃক্ত নন কিংবা জনগণের কাছে গ্রহণযোগ্য নন, তাদের সরকারে অন্তর্ভুক্ত করা উচিত হবে না।

তিনি আরও বলেন, আলোচনার একপর্যায়ে তিনি মনে করেন, ছাত্রনেতাদের সরাসরি সেনাপ্রধানের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া উচিত। এরপর তিনি নিজে আলোচনার বাইরে সরে দাঁড়ান এবং নাহিদ ইসলামের নেতৃত্বে ছাত্রনেতাদের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

পাঁচ ঘণ্টার দীর্ঘ আলোচনা

ছাত্রনেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক চলে প্রায় পাঁচ ঘণ্টা।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাঠামো, প্রধান উপদেষ্টার দায়িত্ব, উপদেষ্টা পরিষদের সম্ভাব্য সদস্য এবং ক্ষমতা হস্তান্তরের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক তানজীমউদ্দিন খানের ভাষ্য অনুযায়ী, বৈঠকের পুরো সময়জুড়েই ছাত্রনেতারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তাদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক আস্থা এবং রাজনৈতিক নিরপেক্ষতার কারণে এ সংকটময় সময়ে ড. ইউনূসই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

বৈঠক শেষে ছাত্রনেতারা জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন।

সেনাপ্রধানের সঙ্গে আগের আলোচনা

এর আগেই অধ্যাপক আসিফ নজরুল পৃথক বৈঠকে সেনাপ্রধানের কাছে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন। ফলে ছাত্রনেতারা যখন বঙ্গভবনে পৌঁছান, তখন সেনাপ্রধান বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

এতে আলোচনা দ্রুত এগিয়ে যায় এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আর বড় ধরনের মতভেদ তৈরি হয়নি।

রাষ্ট্রপতির সঙ্গে চূড়ান্ত বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে ছাত্রনেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নতুন সরকারের সম্ভাব্য রূপরেখা এবং প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর মতামতও বিবেচনায় নেয়া হয়।

ছাত্রনেতাদের ভাষ্য অনুযায়ী, বিএনপি জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দলনিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের সিদ্ধান্তে সবাই একমত হন।

কীভাবে তৈরি হয় উপদেষ্টা পরিষদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, ছাত্রনেতারা সম্ভাব্য কয়েকজনের নাম প্রস্তাব করেছিলেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস নিজেই সম্ভাব্য সদস্যদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। তিনি প্রায় ২৭ জনের একটি তালিকা পাঠান বলে জানান আসিফ মাহমুদ।

সে তালিকা নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা শুরু হয়। কয়েকটি নাম নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর আপত্তি থাকলেও অধিকাংশ নামের বিষয়ে নীতিগত ঐকমত্য গড়ে ওঠে।

তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমানও এক বা দুটি নাম নিয়ে মতামত দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা

অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান জানান, বঙ্গভবনের বৈঠক শেষে কয়েকজন ছাত্রনেতা তার বাসায় যান। সেখানে সম্ভাব্য উপদেষ্টাদের নাম নিয়ে আরও আলোচনা হয়।

একইভাবে অধ্যাপক আসিফ নজরুলও জানান, ৭ আগস্ট ছাত্রনেতারা তার বাসায় গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সম্ভাব্য দায়িত্বপ্রাপ্তদের বিষয়ে মতামত নেন।

তিনি অর্থ ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার বিষয়ে নিজের মতামত দেন এবং সৈয়দা রিজওয়ানা হাসানের নাম অন্তর্ভুক্ত রাখার পরামর্শ দেন। তখন ছাত্রনেতারা জানান, তার নাম ইতোমধ্যেই চূড়ান্ত তালিকায় রয়েছে।

শেষ মুহূর্তের ফোন

সৈয়দা রিজওয়ানা হাসান পরে জানান, ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি প্রথম ফোন পান। তাকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে। সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি মাত্র ১০ মিনিট সময় চান।

কিছুক্ষণ পর তিনি সম্মতি জানান এবং দ্রুত বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। পরবর্তী সময়ে তিনি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ ও তথ্য–সংক্রান্ত দায়িত্ব গ্রহণ করেন।

শপথের মধ্য দিয়ে নতুন অধ্যায়

৮ আগস্ট রাত সাড়ে ৯টা।

টানা তিন দিন কার্যত সরকারশূন্য থাকার পর বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে আরও ১৩ জন উপদেষ্টা শপথ নেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার।

পরবর্তী কয়েক মাসে এ সরকার রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন আয়োজন এবং প্রশাসনিক পুনর্গঠনের নানা উদ্যোগ গ্রহণ করে।

অবশেষে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সে অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্বের সমাপ্তি ঘটে।

ইতিহাসের এক সন্ধিক্ষণ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট—এ চার দিন শুধু ক্ষমতার পরিবর্তনের সময় নয়, বরং রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হবে।

রাজপথের গণআন্দোলন, রাজনৈতিক দলগুলোর আলোচনা, সেনাবাহিনীর ভূমিকা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং সুশীল সমাজের অংশগ্রহণ—সব মিলিয়ে এ কয়েকটি দিন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে রয়েছে।

তবে এ সময়ের অনেক ঘটনা, আলোচনা ও সিদ্ধান্ত আজও গবেষণা, বিতর্ক ও বিশ্লেষণের বিষয়। বিভিন্ন পক্ষের স্মৃতিচারণ, সাক্ষাৎকার ও প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঘটনাপ্রবাহের একটি চিত্র পাওয়া গেলেও ইতিহাসের এ অধ্যায়ের পূর্ণাঙ্গ মূল্যায়ন নির্ভর করবে ভবিষ্যতে প্রকাশিত দলিল, নথি ও আরও নিরপেক্ষ অনুসন্ধানের ওপর।

জুলাই গণঅভ্যুত্থানের সে উত্তাল দিনগুলো তাই শুধু একটি সরকারের পতনের গল্প নয়; বরং রাষ্ট্র, রাজনীতি এবং জনগণের সম্পর্কের এক ঐতিহাসিক পুনর্লিখনের কাহিনি হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

(সমাপ্ত)

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি