Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ১৮ জানুয়ারি ২০২৬

বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে খেলা পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে খেলা পুনর্বিবেচনা করবে পাকিস্তান!
ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি। এর মধ্যেই এ সংকট নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিত দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে ঢাকা। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত জটিলতা নিরসনে সহায়তা চেয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সূত্রের দাবি, যদি বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু–সংক্রান্ত সমস্যার কোনও সমাধান না আসে, তাহলে পাকিস্তানও নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে যেতে পারে। এতে করে টুর্নামেন্ট ঘিরে আইসিসির ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে সমাধানের চেষ্টা হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি ঢাকায় এসে বৈঠকে অংশ নিতে পারেননি।

বৈঠক শেষে বিসিবি স্পষ্ট করেছে, ভারতের ভেন্যুতে খেলতে যাওয়ার সিদ্ধান্তে তারা এখনও অনড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত সব দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে বৈঠকে বাংলাদেশ সরকারের অবস্থান ও উদ্বেগও তুলে ধরা হয়। বিশেষ করে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আইসিসির সামনে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনা হয়। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি সহজ করতে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান, আয়ারল্যান্ডের ভারতে না খেলার ঘোষণা, পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং আইসিসির অনিশ্চয়তা মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে জটিলতা বাড়ছে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট