Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১১ জুলাই ২০২৬

 আহ্বান আসিফ নজরুলের

‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’

‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করার পর বিষয়টি ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে থাকে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, সরকার আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, সরকারের লক্ষ্য হলো তাকে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা।

আসিফ নজরুল লিখেছেন, 

যদি সত্যিই শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।

পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ ও আদালতের সামনে শেখ হাসিনার জবাব দেয়ার মতো বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে তার ব্যাখ্যা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো কেনো এবং বাংলাদেশ কীভাবে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল অবস্থায় পৌঁছেছিলো—এসব প্রশ্নেরও জবাব ইতিহাস ও আদালত উভয়ই জানতে চাইবে বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়ে দিলেও আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হতে হয়েছে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলার আসামি অথবা অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন।

এ প্রেক্ষাপটে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যদি দেশে ফেরার সিদ্ধান্ত সত্যিই চূড়ান্ত হয়ে থাকে, তাহলে আর বিলম্ব না করে ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। অন্যদিকে, যদি দেশে ফেরার বাস্তব কোনও পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি দলের বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সাক্ষাৎকারে তিনি আত্মসমর্পণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেছেন।

শেখ হাসিনা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনা তৈরি হলেও এবার প্রথমবারের মতো তিনি সম্ভাব্য ফেরার একটি নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেছেন। এর পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরা, তার বিরুদ্ধে থাকা অভিযোগ, বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক ভবিষ্যৎ—সবকিছুই এখন দেশের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম