রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
রাজধানীর গেণ্ডারিয়ার সামিবাগ-মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)। আহতদের দাবি, ঘটনার সময় তারা সবাই পথচারী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
তিনি বলেন, আহত তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তবে কারা কী কারণে তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
সবার দেশ/কেএম




























