টাঙ্গাইলে রেললাইনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন নারী, একজন শিশু এবং দুইজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা না গেলেও পুলিশ ধারণা করছে—তারা সবাই গাইবান্ধার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
ঘটনার বিষয়ে ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। তার ভাষ্য অনুযায়ী, নিহতরা রেললাইনের ওপর বসে ছিলেন, তখনই দ্রুতগতির ট্রেনটি তাদের চাপা দেয়।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও প্রশ্ন—কেন এবং কীভাবে একসাথে পাঁচজন রেললাইনের ওপর বসে ছিলেন—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সবার দেশ/কেএম




























