কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা নাবিল (২৫) এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা রুশিয়া (১৭)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও একজন প্রাপ্তবয়স্ক ও সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবু ওবায়েদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাবিল ও অজ্ঞাত পরিচয়ের আরও একজন মারা যান।
অন্যদিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর রুশিয়া ও সাত বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হানান জানান, আহতদের মধ্যে অন্তত চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
সবার দেশ/এফও




























