ভোরের অপেক্ষা রক্তাক্ত করলো বেপরোয়া বাস
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের ওপর উঠে গেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি প্রথমে রাস্তার ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একদল দিনমজুরের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভোরে জীবিকার সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সবার দেশ/কেএম




























