ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানীতে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।
মতবিনিময় সভায় নাহিদ ইসলাম দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে যোগ্যতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।
সভায় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার ওপরও গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক তৎপরতা ঠেকাতে এলাকায় সতর্ক নজরদারি রাখার জন্য দলীয় নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর দুই অংশে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ওয়ার্ড পর্যায়ে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমস্যা ও ভোটারদের প্রত্যাশা চিহ্নিত করে নির্বাচনী পরিকল্পনা সাজাবে দলটি।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান দিল এনসিপি। এখন ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও বিস্তৃত করার দিকে এগোবে দলটি।
সবার দেশ/এফও




























