ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত পাঁচ থেকে সাতজন সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি, ফলে হতাহতের আশঙ্কা বাড়ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। তারা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























