বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
লিবিয়ার প্রাক্তন শাসক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি (৫৩) দেশটির পশ্চিমাঞ্চলীয় জিন্তান শহরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত প্রায় এক দশক ধরে তিনি এ শহরেই অবস্থান করছিলেন।
আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা সাইফ গাদ্দাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান যে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুয়াম্মার গাদ্দাফির সন্তানদের মধ্যে সাইফ ছিলেন সবচেয়ে প্রভাবশালী এবং পরিচিত মুখ। ২০১১ সালে গণঅভ্যুত্থানে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে মুক্তি পান এবং পুনরায় লিবিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাইফ আল ইসলাম গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। লিবিয়ার সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে তার এ আকস্মিক মৃত্যু দেশটির শান্তি প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: রয়টার্স ও আল জাজিরা।
সবার দেশ/এফএস




























