তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৯ মার্চ) দিনজুড়ে তেহরানের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিলো, যা পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে।
আল-জাজিরার প্রতিবেদকেরা জানান, কিছুক্ষণ আগেও রাজধানী তেহরানে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ওই বিস্ফোরণের লক্ষ্যবস্তু কোথায় ছিলো এবং এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শুধু তেহরান নয়, সোমবার ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে ইসফাহান শহরের বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। সেখানে পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এ ছাড়া ইসফাহানে গভর্নরের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামলার ফলে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদ বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে এসব হামলার পেছনে কারা দায়ী এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী।
সবার দেশ/কেএম




























