ক্ষেপণাস্ত্র বৃষ্টি, জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সতর্কতা
ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল-এর বিভিন্ন অঞ্চলে। হামলার সময় রাজধানী জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় জরুরি সতর্ক সংকেত জারি করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। বিভিন্ন শহর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র বিস্ফোরণের পর অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।
ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরণের প্রভাব পড়েছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি।
এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয় এবং বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়।
রোববার (২২ মার্চ) থেকে শুরু হওয়া এ হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুই নয়, পাশাপাশি হিজবুল্লাহ-র ধারাবাহিক আক্রমণের মুখেও রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের এ পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
সবার দেশ/কেএম




























