Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:৩৩, ১৮ আগস্ট ২০২৬

ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে ‘সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হবে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রসঙ্গেই ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন। সোমবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে দুই দেশ একটি যৌথ ঘোষণাপত্র তৈরির কাজ করছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ নিয়ে চলমান আলোচনার মধ্যেই ট্রাম্পের নতুন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত শুক্রবার ট্রাম্প আরও বিতর্কিত দাবি করে বলেন, তিনি চাইলে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করতে পারেন।

এর জবাবে ইরান কঠোর অবস্থান জানিয়ে বলে, তাদের নিয়ন্ত্রণাধীন ও অবরুদ্ধ এ গুরুত্বপূর্ণ নৌপথ ‘ইরানেরই থাকবে’।

ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চাপ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তেহরানের দাবি, সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় হরমুজের নিয়ন্ত্রণ তাদের জন্য গুরুত্বপূর্ণ।

ভৌগোলিকভাবে হরমুজ প্রণালির উত্তরে রয়েছে ইরানের উপকূল এবং দক্ষিণে ওমানের অবস্থান। ফলে এ জলপথের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে যে কোনও বিরোধ সরাসরি আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।

এদিকে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে জানান, ট্রাম্প ইরানকে ‘সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত বাড়লেও দ্রুত কোনও চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন ট্রাম্প।

এদিকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক প্রভাবও গুরুত্ব পাচ্ছে। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে রিপাবলিকানরা মাঠে থাকলেও বিরোধী ডেমোক্র্যাটরা তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ট্রাম্পের সর্বশেষ এ হুমকি নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। এখন দেখার বিষয়, চলমান কূটনৈতিক আলোচনায় সমঝোতার পথ তৈরি হয়, নাকি হরমুজ সংকট আরও বড় সামরিক উত্তেজনার দিকে গড়ায়।

তথ্যসূত্র: দ্য ডন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
এনবিআরকে বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
ঘুমের মধ্যেই বলিউড অভিনেত্রীর মৃত্যু
ওমানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ
বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য