তেলের লাইনে থমকে মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম সড়কে ১২ কিলোমিটার যানজট
রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইল এলাকায় একটি পেট্রলপাম্পে জ্বালানি নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি মহাসড়কে উঠে আসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এমন চিত্র দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, মাতুয়াইলের একটি পাম্পে তেল নেয়ার জন্য গাড়ির সারি বড় হয়ে মহাসড়কে উঠে আসে। একই সময়ে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করলেও যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি আগেভাগেই তেল নেয়ার জন্য লাইনে দাঁড়াতে শুরু করে। পাম্পের ভেতরে জায়গা না থাকায় গাড়ির সারি মহাসড়কে ছড়িয়ে পড়ে, ফলে ঢাকামুখী লেনের বড় অংশ দখল হয়ে যায়। এতে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতি হয়। ধীরগতিতে চলতে থাকা যানবাহন একপর্যায়ে প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি কয়েকগুণ বাড়িয়ে দেয়।
সবার দেশ/কেএম




























