Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ৮ আগস্ট ২০২৬

প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছেন কর্তৃপক্ষ

ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান

ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে। এতে উড়োজাহাজটির ভেতরে থাকা প্রায় ২৬০ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিমানের ভেতরে অবস্থান করায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে রোমে নির্ধারিত জ্বালানি বিরতির সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

যাত্রীদের বরাতে জানা যায়, বিজি৩০৬ নম্বর ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে জ্বালানি নেয়ার জন্য ইতালির রোমে অবতরণ করার পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে এবং এটি মেরামত না করা পর্যন্ত যাত্রা পুনরায় শুরু করা সম্ভব নয়।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিলো। তবে কখন ত্রুটি সারিয়ে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ফ্লাইটটির যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় যাত্রীদের মধ্যে অস্বস্তি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, এখানে অনেক যাত্রী রয়েছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। অথচ আমাদের কাউকেই উড়োজাহাজ থেকে নামতে বা বিমানবন্দরের টার্মিনালে যেতে দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন।

যাত্রীরা জানান, ঢাকায় পৌঁছানোর আগে রোমে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির পূর্বনির্ধারিত যাত্রাবিরতি ছিলো। তবে সে বিরতির সময়ই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় পুরো যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এদিকে উড়োজাহাজটির প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সঠিক সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন