গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি। বাহিনীটি জানিয়েছে, নিজস্ব অর্থায়নে স্থানীয় দোকান থেকে নগদ অর্থের বিনিময়ে পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনা হচ্ছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা নেই।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থ দিয়ে কেনা হয়। স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি সংগ্রহ করা হয়। পরে ওই দোকানদার ভ্যানযোগে পানি বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত নিয়মিত ক্রয় ও সরবরাহ কার্যক্রম।
বিজিবির দাবি, সাধারণ এ ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়।
বাহিনীটি আরও জানায়, বিজিবি একটি সুশৃঙ্খল ও পেশাদার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার, রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি।
একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি। কওনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সবার দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজিবির পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
সবার দেশ/কেএম




























