Sobar Desh | সবার দেশ ড. লিপন মুস্তাফিজ


প্রকাশিত: ০৭:৫৮, ৭ মে ২০২৬

ক্লেইম এক্সপার্ট পেশার সম্ভাবনা, চাহিদা ও বাস্তবতা

ক্লেইম এক্সপার্ট পেশার সম্ভাবনা, চাহিদা ও বাস্তবতা
ছবি: সবার দেশ

বাংলাদেশে বীমার প্রচলন অনেক পুরোনো হলেও সাম্প্রতিককালে বীমা খাত ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। একটা সময় বীমাকে অপ্রয়োজনীয় মনে করা হতো। কিন্ত এখন ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান প্রায় সব পর্যায়েই ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে। জীবন বীমা, স্বাস্থ্য বীমা কিংবা সম্পদ সুরক্ষা এক কথায় বলা যেতে পারে যে, সব ক্ষেত্রেই সচেতনতা তৈরি হয়েছে। অথচ এ পুরো ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এখনও অনেকটাই দৃশ্যমান নয় সেটা হচ্ছে ক্লেইম এক্সপার্ট পেশা।

একজন বীমা গ্রাহকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো ক্লেইমের সময়। অর্থাৎ, যখন সে তার ক্ষতির জন্য বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে। এ দাবি সঠিক কি না, কতটা ক্ষতি হয়েছে, কত টাকা দেয়া উচিত—এসব নির্ধারণ করেন ক্লেইম এক্সপার্টরা। তাদের কাজের ওপর নির্ভর করে একটি বীমা কোম্পানির বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহকের সন্তুষ্টি।

ক্লেইম এক্সপার্টের কাজ কেবল কাগজপত্র যাচাই নয়; বরং এটি একটি গভীর বিশ্লেষণধর্মী এবং দায়িত্বপূর্ণ পেশা। কোনও দুর্ঘটনা বা ক্ষতির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বীমা কোম্পানির কাছে ক্লেইম করে। এরপর সে ক্লেইমের প্রতিটি দিক যাচাই করার দায়িত্ব পড়ে ক্লেইম এক্সপার্টের ওপর। তারা প্রথমে ঘটনাটির প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, কারা এতে জড়িত, ক্ষতির পরিমাণ কতটুকু—এসব তথ্য তাদের সংগ্রহ করতে হয়। অনেক সময় ঘটনাস্থলে গিয়ে সরাসরি তদন্ত করতে হয়। এরপর প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে তারা একটি রিপোর্ট তৈরি করেন এবং ক্ষতিপূরণের সুপারিশ করেন। 

এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরপেক্ষতা। কারণ ক্লেইম এক্সপার্টকে একদিকে গ্রাহকের স্বার্থ, অন্যদিকে কোম্পানির আর্থিক স্বার্থ অর্থাৎ দুটোর মধ্যে ভারসাম্য রাখতে হয়। একটি ভুল সিদ্ধান্ত কোম্পানির বড় ক্ষতি করতে পারে, আবার অন্যদিকে একজন গ্রাহক তার ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত হতে পারেন।

অনেকে মনে করেন এ পেশা শুধুই ডেস্কভিত্তিক। বাস্তবে তা নয়। একজন ক্লেইম এক্সপার্টকে প্রায়ই মাঠ পর্যায়ে কাজ করতে হয়। একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ড হলে, কাগজপত্র দেখে শুধু ক্ষতির পরিমাণ বোঝা সম্ভব নয়। ঘটনাস্থলে গিয়ে মেশিনারি, কাঁচামাল, অবকাঠামোর ক্ষতি পর্যবেক্ষণ করতে হয়। একইভাবে, মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পণ্যবাহী জাহাজে গিয়ে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে হয়। এ কারণে এ পেশায় ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের দেশে ক্লেইম এক্সপার্টদের জন্য কাজের ক্ষেত্র ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বর্তমানে তারা বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পাচ্ছেন যেমন বলা যায়, জীবন বীমা কোম্পানি, সাধারণ বীমা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বীমা খাত, মেরিন ও কার্গো ইন্স্যুরেন্স, রি-ইন্স্যুরেন্স কোম্পানি দেশের বীমা কোম্পানিগুলোতে নানা পদে কাজের সুযোগ রয়েছে। এছাড়া কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে ক্লেইম প্রসেসিং ও সাপোর্ট সেন্টার স্থাপন করা হলে এ পেশার পরিসর আরও বাড়বে।

বাংলাদেশে ক্লেইম এক্সপার্ট পেশার চাহিদা বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 

  • প্রথমত, বীমা খাতের বিস্তার। দেশে নতুন নতুন বীমা কোম্পানি গড়ে উঠছে এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বাড়াচ্ছে। ফলে ক্লেইম ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠছে। 
  • দ্বিতীয়ত, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য বীমার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যার ফলে ক্লেইমের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। 
  • তৃতীয়ত, কর্পোরেট ঝুঁকি ব্যবস্থাপনা। বড় বড় প্রতিষ্ঠান এখন তাদের সম্পদ, প্রকল্প ও কর্মীদের জন্য বীমা করছে। ফলে বড় অঙ্কের ক্লেইম পরিচালনার জন্য দক্ষ বিশেষজ্ঞ প্রয়োজন। 
  • চতুর্থত, ডিজিটাল রূপান্তর। এখন অনেক ক্লেইম অনলাইনে জমা দেয়া হয় এবং ডিজিটালভাবে যাচাই করা হয়। ফলে ডেটা বিশ্লেষণ ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ ক্লেইম এক্সপার্টের চাহিদা বাড়ছে। 

এ পেশাকে আকর্ষণীয় করে তুলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। 

  • প্রথমত, এটি একটি স্থিতিশীল ক্যারিয়ার। বীমা খাত অর্থনীতির একটি দীর্ঘমেয়াদি খাত হওয়ায় এখানে চাকরির নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি। 
  • দ্বিতীয়ত, দক্ষতার ভিত্তিতে উন্নতির সুযোগ রয়েছে। একজন জুনিয়র পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে উচ্চপদে পৌঁছানো সম্ভব। 
  • তৃতীয়ত, কাজের বৈচিত্র্য রয়েছে। প্রতিটি ক্লেইম আলাদা এবং প্রতিটি তদন্ত নতুন অভিজ্ঞতা এনে দেয়। 
  • চতুর্থত, আন্তর্জাতিক সুযোগ রয়েছে। এই পেশার অভিজ্ঞতা থাকলে বিদেশে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন <<>> গ্যারান্টি স্কিমঃ ব্যাংক ও উদ্যোক্তার এক সেতু-বন্ধন

এ পেশায় প্রবেশের জন্য সাধারণত ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রি প্রয়োজন হয়। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়—কিছু নির্দিষ্ট দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষণী চিন্তা এ পেশার মূল ভিত্তি। একটি ক্লেইমের সত্যতা যাচাই করতে হলে তথ্য বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে হয়। যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করতে হয়। রিপোর্ট লেখার দক্ষতা প্রয়োজন, কারণ প্রতিটি ক্লেইমের জন্য বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হয়। এছাড়া সময় ব্যবস্থাপনা, আইনি জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যেহেতু আমাদের দেশে বীমা খাত এখনও পুরোপুরি বিকশিত হয়নি। ফলে এ খাতে প্রবৃদ্ধির সুযোগ অনেক বেশি। ভবিষ্যতে ক্লেইম এক্সপার্ট পেশা আরও বিশেষায়িত হয়ে উঠবে। যেমন, মেডিকেল ক্লেইম বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং ক্লেইম বিশ্লেষক, সাইবার ঝুঁকি ক্লেইম এক্সপার্ট, একই সঙ্গে ইনসুরটেক বা প্রযুক্তিনির্ভর বীমা ব্যবস্থার উন্নয়নের ফলে ক্লেইম প্রসেসিং আরও আধুনিক হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস এবং অটোমেশন এ পেশার সঙ্গে যুক্ত হবে। 

এ পেশায় কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই। কাজের চাপ অনেক সময় বেশি থাকে, বিশেষ করে যখন একসঙ্গে অনেক ক্লেইম পরিচালনা করতে হয়। গ্রাহকের সঙ্গে মতবিরোধ একটি সাধারণ বিষয়, কারণ প্রত্যেকে তার দাবিকে সর্বোচ্চ প্রমাণ করতে চায়। জাল ক্লেইম শনাক্ত করা একটি বড় চ্যালেঞ্জ, যা দক্ষতা ও সতর্কতা দাবি করে। এছাড়া মাঠপর্যায়ে কাজ করার সময় কিছু ঝুঁকিও থাকতে পারে।

বাংলাদেশে ক্লেইম এক্সপার্ট পেশা এখনও অনেকটাই আড়ালে থাকলেও এর গুরুত্ব দিন দিন বাড়ছে। বীমা খাত যত বিস্তৃত হবে, এ পেশার প্রয়োজনীয়তাও তত বৃদ্ধি পাবে। যারা বিশ্লেষণধর্মী কাজ পছন্দ করেন, বাস্তব সমস্যার সমাধান করতে আগ্রহী এবং একটি স্থিতিশীল কিন্তু চ্যালেঞ্জিং ক্যারিয়ার গড়তে চান—তাদের জন্য ক্লেইম এক্সপার্ট পেশা হতে পারে এক সম্ভাবনাময় ভবিষ্যতের পথ।

লেখক: কথাসাহিত্যিক ও ব্যাংকার

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

একদলীয় শাসনের পথে ভারত? বিজেপির সর্বগ্রাসী উত্থান
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
ধামইরহাটে ইউপি সদস্যসহ দুই দালাল আটক
অভিযান সমাপ্তি ঘোষণা করে ফের হুমকি ট্রাম্পের
বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, ১০ কিমি গতিতে চলছে ট্রেন
নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা
টানা ফাইনালে পিএসজি, স্বপ্ন ভঙ বায়ার্নের
জুনের মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
জনবল নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই