Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে নাহিদ ইসলাম

গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে

গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এমপি নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। তিনি বলেন, আদালতকে আবারও দলীয়করণ করা হলে তার পরিণতি অত্যন্ত করুণ হবে।

সোমবার (২ মার্চ) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন।

নাহিদ ইসলাম এমপি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে, সে রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আদালতকে রাজনৈতিক বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানানো হলে এর ফল ভালো হবে না।

তিনি দাবি করেন, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণেই অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হয়েছিলো। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং গণরায়ের ভিত্তিতে নতুন সংসদের যাত্রা শুরু করতে হবে।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, শুধু ঢাকা থেকে নেতৃত্ব দিলেই হবে না। চট্টগ্রামে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছোট-বড় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে, যাতে কোনও সন্ত্রাসী বা চাঁদাবাজ এখানে টিকে থাকতে না পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে এখনও কমেনি। পতিত আওয়ামী লীগ ও এনসিপি একসঙ্গে থাকতে পারে না। যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেখানে হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে। কোনও জেলায় এনসিপির ১০ জন নেতাকর্মীও থাকলে সেখানে আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দেয়া যাবে না। জুলাই শহীদরা আমাদের এ ম্যান্ডেট দিয়েছেন।

আধিপত্যবাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ভারতীয় আধিপত্যবাদ নয়, দেশের স্বার্থের বিরুদ্ধে যেকোনও পরাশক্তির বিরুদ্ধেই লড়াই চলবে। সাম্প্রতিক ইরান-আমেরিকা উত্তেজনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, দেশ আবার কোনও নতজানু পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছে কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব এমপি আখতার হোসেন বলেন, অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিলো। ঐকমত্য কমিশনে সংস্কারের পক্ষে মত দেয়া হয় এবং পরে জুলাই সনদ প্রণীত হয়। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় ও শপথ হাইকোর্টে চ্যালেঞ্জ করে ছলেবলে বিষয়টি আদালতে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ