Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ২২ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার হস্তক্ষেপে থামলো বিতর্ক

সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা

সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে রোববার জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে সংসদ কক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতার হস্তক্ষেপে বিতর্কের ইতি ঘটে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে আব্দুল হান্নান মাসউদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভা ও ভাষণে বিরোধী দলের আন্দোলন সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্যে বিরোধী দল হতাশ হয় বলেও মন্তব্য করেন তিনি।

হান্নান মাসউদ আরও বলেন, ঋণখেলাপি ও ব্যাংকিং খাত নিয়ে সংসদে আলোচনা করতে গেলে প্রধানমন্ত্রীর কিছু মন্তব্য ঋণখেলাপিদের উৎসাহিত করার মতো বার্তা দেয়। ইসলামী ব্যাংকসহ আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের অবস্থান সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি।

তার বক্তব্য শেষ হওয়ার আগেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক আপত্তি জানান। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে হান্নান মাসউদ অসত্য তথ্য উপস্থাপন করেছেন। এ কারণে ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহারের দাবি জানান তিনি।

এরপর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে বলেন, হান্নান মাসউদের বক্তব্যে কোন অংশটি ভুল বা অসত্য, তা স্পষ্টভাবে বলা হয়নি। তিনি যুক্তি দেন, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিজেও অতীতে বক্তব্যে ভুল করে পরে তা সংশোধন করেছেন। তাই কোনও বক্তব্যের সমালোচনা করলেই সেটিকে অসম্মান হিসেবে দেখা উচিত নয়।

এ সময় বিএনপি মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ নেতাকে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়া উচিত। তিনি স্পিকারের কাছে সংশ্লিষ্ট অংশ এক্সপাঞ্জ করার অনুরোধ জানান।

মির্জা ফখরুলের বক্তব্যের পর সংসদ কক্ষে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিএনপি ও জামায়াতের সদস্যদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই হান্নান মাসউদ আবার বক্তব্য দিতে চাইলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামিয়ে দেন।

ডেপুটি স্পিকার বলেন, সংসদের নির্দিষ্ট নিয়ম ও রীতি রয়েছে। যখন খুশি দাঁড়িয়ে বক্তব্য দেয়া যায় না। এ সময় তিনি হান্নান মাসউদকে উদ্দেশ করে বলেন, এটা শাহবাগ চত্বর নয়, এটা জাতীয় সংসদ।

ডেপুটি স্পিকারের এ মন্তব্যের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি সংসদে বাইরের রাজনৈতিক বক্তব্য টেনে এনে নতুন বিতর্ক তৈরির প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

হান্নান মাসউদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কোনও বক্তব্য সত্য না অসত্য—সে বিতর্কে জড়িয়ে পড়লে অনেক বিব্রতকর বিষয় সামনে চলে আসতে পারে। কারও সম্মানহানি হোক, এমন পরিস্থিতি তিনি দেখতে চান না বলেও উল্লেখ করেন।

জামায়াত আমির স্পিকারকে অনুরোধ করে বলেন, বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়িয়ে পুরো ঘটনাকে উপেক্ষা করাই সংসদের জন্য কল্যাণকর হবে।

পরবর্তীতে স্পিকারও আর এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দেননি। ফলে সংসদে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে এবং অন্য কার্যসূচিতে ফিরে যায় জাতীয় সংসদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা