নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি দাবি
তামিমের কমিটিকে অবৈধ ঘোষণা আমিনুলের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
আমিনুলের দাবি, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিলো, যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান সিবগাত উল্লাহ এবং এনএসসির নির্বাহী পরিচালক ছিলেন কমিশনার।
তিনি জানান, ১৫টি ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ সংক্রান্ত আপত্তি ২০২৫ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এনএসসির তদন্তকে তার এখতিয়ারের বাইরে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি অভিহিত করেছেন।
আমিনুল বলেন, নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি কোনও বৈধতা রাখে না। আমরা এ কমিটির কর্তৃত্ব স্বীকার করি না, যোগ করেন তিনি।
বিসিবির সভাপতি আরও সতর্ক করেছেন যে, সরকারের হস্তক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা নষ্ট করতে পারে। তিনি তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আইসিসিকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
আমিনুল ইসলাম হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করেছেন।
সবার দেশ/কেএম




























