ফুটবল উন্নয়নে নতুন দিগন্ত
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
ফুটবল উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগে এগোচ্ছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। দুই সংস্থার মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যার অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে দুই দেশের জাতীয় দলের মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার সূত্রে জানা গেছে, সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে দুই ফেডারেশনের কর্মকর্তারা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে সম্ভাব্য প্রীতি ম্যাচ, কোচিং ব্যবস্থার উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম চালু এবং আর্জেন্টাইন কোচদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা।
আলোচনায় অংশ নেয়া সূত্রগুলো জানিয়েছে, সবকিছু অনুকূলে থাকলে সম্ভাব্য প্রীতি ম্যাচটি ভবিষ্যৎ বিশ্বকাপের পর আয়োজন করা হতে পারে। তবে এখনো লজিস্টিক, সময়সূচি ও কারিগরি বিষয়গুলো নিয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মহসিন গিলানির নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জোরদারে কাজ করছে পিএফএফ। সংশ্লিষ্টরা মনে করছেন, আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ পাকিস্তানের ফুটবলের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
এদিকে আর্জেন্টিনায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, ‘এএফএ পাকিস্তান’ উদ্যোগ চালুর পর দুই দেশের ফুটবল সংস্থার মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত হাসান আফজাল খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পিএফএফ প্রতিনিধিদলের পাশাপাশি এএফএ-এর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেমি উপস্থিত ছিলেন।
বৈঠকে পাকিস্তানের ফুটবল কাঠামো উন্নয়ন, কোচিং পদ্ধতির আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করেছেন, পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রীতি ম্যাচ কিংবা অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আরও সময়, পরিকল্পনা ও সমন্বয় প্রয়োজন।
সবার দেশ/কেএম




























