Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২৭ জুন ২০২৬

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষকে সম্মান জানালেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বর্তমান সময়ের সেরা দল বলে মন্তব্য করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তবে এমন মন্তব্যের জন্য ব্রাজিল সমর্থকদের কাছে আগেভাগেই ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

আগামী ২৯ জুন শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। সে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও এখন আর জাপানকে হারানো কোনও দলের জন্য সহজ নয়।

তিনি বলেন, প্রীতি ম্যাচগুলোতে আমরা প্রমাণ করেছি যে, আমাদের হারানো এখন আর সহজ নয়। এটি আমাদের বড় অগ্রগতি। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের যথেষ্ট সম্মান করি। তবে ম্যাচে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। আমাদেরও জয়ের সমান সুযোগ থাকবে।

জাপান কোচের বিশ্বাস, তার দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দিতে প্রস্তুত। তিনি বলেন, এটি আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিল একটি প্রায় নিখুঁত দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার এবং পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা সে লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছি।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে, জাপান জিতেছে মাত্র একবার এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

তবে জাপানের আত্মবিশ্বাসের বড় কারণ, দুই দলের সর্বশেষ দেখায় তারা ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিলো। সে স্মৃতি থেকেই এবারও চমক দেখানোর প্রত্যাশা করছে ‘সূর্যোদয়ের দেশ’।

সংবাদ সম্মেলনের শেষ দিকে হাজিমে মরিয়াসুর একটি মন্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে। তিনি বলেন, আমি এখন চোখ বন্ধ করে আশা করবো, এখানে অন্য কোনও দেশের সাংবাদিক নেই। তবে আমি বলবো, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। কিন্তু এ কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাচ্ছি।

মরিয়াসুর এ মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসা করায় বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে জাপান কোচ বললেন ‘আর্জেন্টিনাই সেরা’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘মামলার ব্যবসা’ করছেন: রুমিন ফারহানা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫৮৯
সমর্থকদের সঙ্গে ফুটবল খেললেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
বিশ্বকাপের ডাগআউটেও আর্জেন্টিনার দাপট
ভারতের ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম
লক্ষ্মীপুরে জানাজা শেষে মা ও তিন মেয়ের লাশ নেয়া হলো কুমিল্লায়
চীনের নতুন অর্থনৈতিক করিডোর, চাপে পড়ছে ভারত?
এই মিন্নি সেই মিন্নি, রিফাত হত্যার সাত বছর
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের আকাশসীমায় ঢুকে চাকরি খোয়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট
১ টাকার দুর্নীতির প্রমাণ দিন, সংসদ থেকে ইস্তফা দেবো: সংসদে চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর