স্পেন-ফ্রান্সের আধিপত্য, বাদ ইয়ামালও
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ব্রাজিলের কেউ নেই
২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের অফিসিয়াল 'টিম অব দ্য টুর্নামেন্ট' প্রকাশ করেছে ফিফা। বিশ্বজুড়ে সমর্থকদের ভোটের ভিত্তিতে নির্বাচিত এ সেরা একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালিস্ট ফ্রান্স। দুই দেশ থেকেই তিনজন করে ফুটবলার জায়গা করে নিয়েছেন। রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন দুজন, আর বাকি তিনটি স্থান দখল করেছেন ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে খেলোয়াড়।
তবে এবারের সেরা একাদশে সবচেয়ে বড় চমক দুটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোনও খেলোয়াড়ই জায়গা পাননি। একই সঙ্গে আলোচিত স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালও শেষ পর্যন্ত সমর্থকদের ভোটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।
৪-৩-৩ ফরমেশনে সাজানো সেরা একাদশ
ফিফা ৪-৩-৩ ফরমেশনে তাদের সেরা দল সাজিয়েছে। গোলবারের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া আফ্রিকান দেশটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিলেন। সমর্থকদের ভোটেও তিনি সর্বোচ্চ ৩৯.৬ শতাংশ সমর্থন পেয়ে গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রক্ষণভাগে স্পেনের শক্তিশালী উপস্থিতি
ডিফেন্সে রয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের রক্ষণভাগ ছিলো পুরো আসরের অন্যতম বড় শক্তি। পুরো টুর্নামেন্টে দলটি মাত্র একটি গোল হজম করেছে এবং সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জিতেছে। কুকুরেয়া টুর্নামেন্টে এক মিনিটও মাঠের বাইরে না থেকে দুটি অ্যাসিস্টও করেছেন।
মাঝমাঠে রদ্রির নেতৃত্ব
মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।
স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফিফার গোল্ডেন বল জিতেছেন। অন্যদিকে ফ্রান্সের হয়ে সাতটি অ্যাসিস্ট করে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওলিসে। ইংল্যান্ডের জার্সিতে সাত গোল করে নিজের সেরাটা উপহার দিয়েছেন বেলিংহ্যাম।
আক্রমণে মেসি–হালান্ড–এমবাপ্পে
ফরোয়ার্ড লাইনে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
টুর্নামেন্টে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। সমর্থকদের ভোটেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ সমর্থন পেয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে গেছেন এ ফরাসি তারকা।
৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। পুরো আসরে তিনি করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেও সাত গোল করে নিজের জায়গা নিশ্চিত করেছেন আর্লিং হলান্ড।
ব্রাজিলের হতাশা
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ব্রাজিলের কোনও খেলোয়াড়ের সেরা একাদশে জায়গা না পাওয়া এবারের ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয়। পাশাপাশি স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামালের বাদ পড়াও ফুটবলপ্রেমীদের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।
ফিফার বিশ্বকাপ 'টিম অব দ্য টুর্নামেন্ট'
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
সবার দেশ/এমকেজে




























