লিংকডইনে ‘মৃত’ দেখানো
‘আমি বেঁচে আছি’—বললেন তাসনিম জারা
সোশ্যাল মিডিয়ায় লিংকডইনে হঠাৎ করে ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত হিসেবে চিহ্নিত করা হয় চিকিৎসক ও স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট নির্মাতা তাসনিম জারা–এর অ্যাকাউন্ট। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দ্রুত নানা আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন তাসনিম জারা।
পোস্টে তিনি জানান, অনেকেই লক্ষ্য করেছেন যে সোমবার সকালে তার লিংকডইন অ্যাকাউন্টটি ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিলো, যা সাধারণত কোনও ব্যবহারকারী মৃত্যুবরণ করলে তার প্রোফাইলে প্রয়োগ করা হয়।
তাসনিম জারা বলেন, সম্ভবত ভুলবশত অথবা বিদ্বেষমূলক কোনও রিপোর্টের কারণে এমনটি ঘটেছে। বিষয়টি সম্পর্কে তিনি ইতোমধ্যে লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। লিংকডইন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে প্রযুক্তিগত ভুল বলে মন্তব্য করেছেন, আবার অনেকে বিদ্বেষমূলক রিপোর্টের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।
এদিকে তাসনিম জারার বক্তব্যের পর বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।
সবার দেশ/কেএম




























