স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি আগের সরকারের ধারাবাহিকতাই বহন করছে। তিনি দাবি করেন, সরকারের একজন মন্ত্রী সীমান্তে হত্যাকাণ্ডকে বৈধতা দেয়ার মতো বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, একই ভাষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। তিনি সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিলো, তা ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছে। তার অভিযোগ, সরকারি দফতরগুলো এখনও ঘুষ ও দুর্নীতিমুক্ত হয়নি।
সরকারের সমালোচনা করে এনসিপির এ নেতা আরও বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। সরকার জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে এবং মানুষকে হারিকেন ও মোমবাতির ওপর নির্ভর করতে বাধ্য করেছে।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পর নারীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং আলী আহসান জুনায়েদসহ দলের অন্যান্য নেতারা।
সবার দেশ/কেএম




























