Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৬, ৫ জুন ২০২৬

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সবার দেশ

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট এবং ঢাকা–কিশোরগঞ্জ রুটে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ভৈরব শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার দুই পক্ষের কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা দুই এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনায় রূপ নেয় এবং পরে সংঘর্ষে পরিণত হয়।

রাত ৯টার দিকে দুই পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্টেশনের একাধিক দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি স্টেশনের বিভিন্ন সরকারি স্থাপনা ও কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের কারণে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের কর্মকর্তা–কর্মচারীরা দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং স্টেশনের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়।

আহতদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য এসআই সাইফুল, এসআই জহুরুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া, মাহমুদুল হাসান ও দাউদ নবীসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. মুছা। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সংঘর্ষের কারণে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর গোধূলি, নরসিংদী কমিউটারসহ একটি মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জ রুটে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে রেললাইনের দুই পাশের দুই গ্রামবাসীর মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা স্টেশন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর ও সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, হামলা ও ভাঙচুরে স্টেশনের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তা–কর্মচারীরা দীর্ঘ সময় আতঙ্কে অবরুদ্ধ ছিলেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং সময়সূচি বিপর্যস্ত হয়। এতে শতাধিক বিমানযাত্রীর ফ্লাইট মিস হওয়ার শ'ঙ্কা তৈরি হয়। 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, প্রথমে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ঘটনার পর থেকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার কাজ চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২
রোহিঙ্গা ক্যাম্পে জাল এনআইডি-পাসপোর্ট চক্রের বিস্তার
বিশ্বকাপের আড়ালে মেক্সিকোয় মানবপাচার ও যৌন বাণিজ্যের বিস্তার
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সরে গেলো পুলিশ
ভারতের নতুন ‘পুশইন’ চেষ্টা: ৪ সীমান্তে আটকা ৮৮ জন
বিশ্বকাপে ক্যানাডা কতটা শক্তিধর?
সিরাজগঞ্জের বাসচাপায় তিন ভ্যানযাত্রী নিহত
ইরান ইস্যুতে রিপাবলিকানদের বিভাজন, ট্রাম্পের জন্য বড় ধাক্কা
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ; ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বন্ধ কারখানা চালু করতে ২০০ কোটি টাকার ঋণ সুবিধা
আইভীর বাড়ির সামনে পুলিশি নজরদারি