পশ্চিমবঙ্গে ‘পুশ ইন’ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর যদি ‘পুশ ইন’-এর ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা সফররত উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
মন্ত্রী বলেন, অবশ্যই তিস্তার কথা হবে। এটা সে অঞ্চলের মানুষের মরণ-বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে—‘জাগো বাহে’। সে ডাকে যদি সাড়া না দিই, তাহলে আমরা আছি কেনো? প্রধানমন্ত্রীর অঙ্গীকার সে অঞ্চলের সমস্যার সুরাহা করা। আমরা সে অঙ্গীকার বাস্তবায়ন করবো।
তিনি আরও বলেন, তিস্তা নদীকেন্দ্রিক সমস্যা উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তাই এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সরকার।
সবার দেশ/কেএম




























