জাপানে নাগরিক সংবর্ধনায় কঠোর বার্তা বিরোধীদলীয় নেতার
গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে
জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণহত্যাসহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। তার দাবি, এসব ঘটনার বিচার ছাড়া দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।
সোমবার বিকেলে টোকিওর কামিনাকাযাতো তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের ঘটনাপ্রবাহে জনগণ বারবার আত্মত্যাগ করেছে। তিনি বলেন, এ আত্মত্যাগের প্রতি প্রকৃত দায় হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং একটি জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি শহীদদের স্মরণ করে বলেন, ইতিহাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের অবদান সমান মর্যাদায় স্মরণ করা উচিত। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার নাম উল্লেখ করে তার বিচারের দাবি জানান।
প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দক্ষতা ও জ্ঞান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসে উচ্চশিক্ষা গ্রহণ করে বা কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের আস্থা রাজনৈতিক দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তার ভাষায়, সংসদে এবং রাজপথে জনগণের অধিকার রক্ষায় বিরোধীদল কাজ করে যাবে।
জাপানে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, জাপানের আইন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলা এবং স্থানীয় জনগণের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি প্রবাসীর দায়িত্ব। পাশাপাশি তিনি প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং দলীয় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ। এতে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অন্যান্য বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষা, রাজনৈতিক অংশগ্রহণ এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























