‘রাজনৈতিক হয়রানির নতুন অধ্যায়’ বলছে এনসিপি
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ দলের চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
সংগঠনটির দাবি, যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার এবং নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, মামলায় অভিযোগ করা হয়েছে যে, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন। তবে এনসিপির দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মামলার মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করা এবং তাদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যও এর পেছনে রয়েছে বলে মনে করছে দলটি।
এদিকে মামলার পরিপ্রেক্ষিতে এনসিপি নেতা জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানিয়েছে সংগঠনটি। তবে এ বিষয়ে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, যুক্তরাজ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদিও সংশ্লিষ্ট সংস্থার নাম প্রকাশ করা হয়নি।
এনসিপি জানায়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
সংগঠনটির দাবি, সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর আলোচিত বক্তব্য এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। এসব কার্যক্রমকে ব্যাহত করতেই রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ এনসিপির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতেও রাজনৈতিকভাবে হাসনাত আবদুল্লাহ ও তার সহকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছিলো, তবে সেসব প্রচেষ্টা সফল হয়নি। এবারও একই ধরনের উদ্যোগ ব্যর্থ হবে বলে মনে করে দলটি।
এ ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং পুলিশের তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর।
সবার দেশ/কেএম




























