Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ২৫ নভেম্বর ২০২৬

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি

আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিন শুনানির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়েছিলো। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি হিসেবে প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল উঁচিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী। এ ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী এবং লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক মনিরুজ্জামান পাটওয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে একই মামলায় আসামি রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আইনজীবী মহসিন কবির স্বপন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আবারও হুমকি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, জামিনে মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আদালত প্রাঙ্গণসহ দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী