ঈশ্বরদীতে জামায়াত এমপির বক্তব্যে সরকার দলীয় নেতার বাধা
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
পাবনার ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভার প্রধান অতিথি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের বক্তব্যের একপর্যায়ে বিএনপির এক নেতা প্রকাশ্যে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন জরুরি।
বক্তব্যের একপর্যায়ে তিনি গণভোট, জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিলো এবং সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিলো। তবে বিএনপি এখনও গণভোটের বিষয়ে শপথ গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এ অবস্থান জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বক্তব্যের পরপরই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি দাঁড়িয়ে আপত্তি জানান। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক দলের সমালোচনা করা উচিত নয়। বিএনপিকে উদ্দেশ করে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বক্তব্য বন্ধ করার দাবি তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সভাকক্ষে উপস্থিত বিভিন্ন পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান পুনরায় স্বাভাবিকভাবে চলতে থাকে।
ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান বক্তব্য দেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবার দেশ/কেএম




























