Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ১৫ জুন ২০২৬

আপডেট: ০০:০৮, ১৫ জুন ২০২৬

বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ একে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার (১৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি শুধু একজন পলাতক আসামিকে আইনের আওতায় আনার ঘটনা নয়, বরং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। একই সঙ্গে জাতিকে এ বার্তা দিতে চাই যে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ঘটনা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বেনজীর আহমেদকে আটকের বিষয়টি বাংলাদেশকে অবহিত করা হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে।

এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুমোদনের কাজ করবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। একই সঙ্গে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।

২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিলো।

পরবর্তীতে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শুরুর সময়ই তিনি দেশত্যাগ করেন বলে জানা যায়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং বিভিন্ন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় তার গ্রেফতার দেশের বহুল আলোচিত দুর্নীতি মামলাগুলোর মধ্যে নতুন মোড় এনে দিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত