নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩, আহত ৫
নাটোরের লালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) ও বাবলু হোসেন (৩৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। তাদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালপুর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালকসহ আরও দুইজন মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























