Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৩৩, ২২ এপ্রিল ২০২৬

দাওয়াত না পেয়ে স্কুলে ভাঙচুর, শ্রীপুরে বিএনপির ৬ নেতা বহিষ্কার

দাওয়াত না পেয়ে স্কুলে ভাঙচুর, শ্রীপুরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ভাঙচুর ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

সোমবার (২০ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সংহতি বজায় রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখা গেছে, রোববার (১৯ এপ্রিল) গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ছিলেন এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্টদের কর্মকাণ্ড দলীয় আদর্শ, লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী এবং এটি চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।

বহিষ্কৃতরা হলেন—মো. সারোয়ার আউয়াল (সাবেক সাধারণ সম্পাদক), আ. মান্নান মাস্টার (সাবেক সাংগঠনিক সম্পাদক), মো. হাসমত আলী হাসু (সাবেক যুগ্ম সম্পাদক), মো. আরমান আলী (সদস্য), মো. মাহবুব আলম (সদস্য) এবং মো. রফিকুল ইসলাম (সদস্য)। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের গাজীপুর ইউনিয়ন বিএনপির সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ আদেশ ২০ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ ওঠে, দাওয়াত না পেয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা সেখানে প্যান্ডেলে ভাঙচুর চালান এবং উপস্থিত শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছালে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার