ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শুধু ফাইনালেই ওঠেনি আর্জেন্টিনা, একই সঙ্গে আবারও ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছে লিওনেল মেসির দল।
বুধবার (১৫ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৩তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে র্যাংকিংয়ে ২৬.৯০ পয়েন্ট যোগ হয়ে আর্জেন্টিনার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭, যা তাদের আবারও এক নম্বর স্থানে ফিরিয়ে এনেছে।
বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষেই ছিলো আর্জেন্টিনা। তবে ২ জুলাই হালনাগাদ র্যাংকিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে তাদের টপকে এক নম্বরে উঠে যায় ফ্রান্স। সে সময় আর্জেন্টিনা দ্বিতীয় এবং স্পেন তৃতীয় স্থানে নেমে যায়।
বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে আবারও শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা।
সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনও র্যাংকিংয়ে বড় অগ্রগতি করেছে। এ জয়ে তারা ৩০.৮২ পয়েন্ট অর্জন করে মোট ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিশ্বকাপ শুরুর আগে স্পেন ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো।
ফ্রান্স ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। আর সেমিফাইনালে পরাজিত ইংল্যান্ড ১৮৮৯.৪২ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।
র্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেয়া সেলেসাওদের বর্তমান পয়েন্ট ১৮০৪.৯২।
র্যাংকিংয়ের ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০) পয়েন্ট নিয়ে।
সবার দেশ/কেএম




























