গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাছ রক্ষায় প্রশাসনের মাইকিং
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে গাছ নিধনের অভিযোগ নিয়ে ‘সবার দেশ’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে গাছ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। মাইকিংয়ে জানানো হয়, সরকারি জমি বা রাস্তার পাশের গাছ ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় স্থানীয়দের পরিবেশ রক্ষায় গাছ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং কোথাও গাছ নষ্ট করার ঘটনা চোখে পড়লে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।
আরও পড়ুন <<>> বাগাতিপাড়ায় অভিনব কৌশলে গাছ নিধন
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে গাছ নষ্ট করে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ উদ্যোগ গাছ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সহায়ক হবে।
সবার দেশ/কেএম




























