আহত ১০, পাল্টাপাল্টি দোষারোপ
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে ঘটনার জন্য এনসিপিকেই দায়ী করে পাল্টা অভিযোগ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া অভিযোগ করেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেন, প্রথমে এনসিপির নেতাকর্মীরাই তাদের এক কর্মীর ওপর হামলা চালান। পরে এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের চার নেতাকর্মীও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো এবং সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সবার দেশ/কেএম




























