Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৪০, ২৯ জুলাই ২০২৬

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে মোট ৯টি টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে যশোরে এসেছিলেন। এ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তিনি মো. মুসার ছেলে। একসময় সাধারণ জীবনযাপন করলেও পরে চট্টগ্রামের কুখ্যাত সাজ্জাদ গ্রুপে যোগ দিয়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তিনি ওই চক্রের অন্যতম প্রভাবশালী সদস্য এবং পরে ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি লাভ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ডেভিড ইমন দেশের বাইরে, বিশেষ করে দুবাইয়ে অবস্থান করেও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীকে ফোনে চাঁদা দাবি করতেন। দাবি অনুযায়ী অর্থ না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, গুলিবর্ষণ এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটানো হতো বলে অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশি আগ্নেয়াস্ত্র হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ডিডিএন (DDN) নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। গত ১৩ জুলাই ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা কম্পিউটার, মোবাইল ফোন, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়।

মামলার এজাহার অনুযায়ী, হামলার দুই দিন আগে অর্থাৎ ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে তাকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

পরবর্তীতে সংঘটিত হামলায় প্রতিষ্ঠানটির প্রায় ১৫ লাখ টাকার সম্পদ নষ্ট হওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধের ব্যাগ লুট করা হয়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিলো বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ইতোমধ্যে ২০ জনকে গ্রেফতার করেছে। হামলার সিসিটিভি ফুটেজেও অস্ত্রধারী একটি দলকে প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালাতে দেখা গেছে।

এর আগে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সল আহম্মেদ এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা ও প্রযুক্তিগত টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তাকে এবং তার নেতৃত্বাধীন অপরাধচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত ছিলো। সে অভিযানের ধারাবাহিকতায় অবশেষে যশোরে গ্রেফতার হন ডেভিড ইমন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার চাঁদাবাজি, সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্র সরবরাহ এবং সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে তারা আশা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার