Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে উদ্বেগ

খোলা ড্রামের ভোজ্যতেলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

খোলা ড্রামের ভোজ্যতেলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
ছবি: সংগৃহীত

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬। এবছরের প্রতিপাদ্য— ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি।’ তবে এই লক্ষ্য বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজারে খোলা ড্রামে বিক্রি হওয়া ভোজ্যতেল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, খোলা ড্রামে বাজারজাত ভোজ্যতেলে সাধারণত ভিটামিন ‘এ’ থাকে না বা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকে। এসব তেল অনেক সময় কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত নন-ফুড গ্রেডেড ড্রামে সংরক্ষণ ও বিক্রি করা হয়। একই ড্রাম বারবার ব্যবহারের ফলে তেল দূষিত হওয়ার আশঙ্কা থাকে এবং এতে ভেজাল মেশানোর সুযোগও বেড়ে যায়।

এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে ভিটামিন ‘এ’ ঘাটতির প্রবণতা আরও তীব্র হচ্ছে। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্যাকেটজাত ভোজ্যতেল তুলনামূলকভাবে নিরাপদ এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। তবে এসব তেল স্বাস্থ্যসম্মত রাখতে আলো প্রতিরোধী অস্বচ্ছ মোড়ক অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা জানান, সূর্যের আলোসহ যেকোনো ধরনের আলো, বাতাস ও অক্সিজেনের সংস্পর্শে এলে ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ দ্রুত নষ্ট হয়ে যায়। একই সঙ্গে তেলের গুণগত মানও ধীরে ধীরে কমতে থাকে।

জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ৫০ দশমিক ৯ শতাংশ ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। অর্থাৎ প্রতি দুইজন শিশুর একজন এ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাবে রয়েছে। এ বাস্তবতায় সরকার ২০১৩ সালে আইন করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বাজারজাত নিষিদ্ধ করে। কিন্তু বাস্তবে খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ না হওয়ায় সে আইন কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ভিটামিন সমৃদ্ধ ভোজ্যতেল মানুষের পুষ্টি ঘাটতি দূর করা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়নের জন্য একটি কার্যকর ও সহজ উপায়। খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি পুরোপুরি বন্ধ করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপদ খাদ্যের লক্ষ্য অর্জনে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তা সচেতনতা এবং নিয়মিত বাজার তদারকি এখন সময়ের দাবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার চলবে না: নাহিদ ইসলাম
ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মিরপুরের মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়
ভারত থেকে ফেরার পর বেনাপোলে মফিজ চেয়ারম্যান আটক
ইরানে সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
ঐক্যের বার্তা খামেনির, পাকিস্তান–আফগানিস্তান সংকটে মধ্যস্থতার প্রস্তাব
ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা ট্রাম্পের, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত
সিঙ্গেল মাদারের প্রসঙ্গ তুলে বিচ্ছেদের ইঙ্গিত মানসীর
ইসরায়েলি অস্ত্র কারখানা পুড়ে ছাই
ঈদে প্রবাসী আয়ে গতি, রিজার্ভে স্বস্তির ইঙ্গিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
সারা দেশে ঈদের জামাত কোথায় কখন