সংবাদ সম্মেলনে ভুয়া পোস্ট বিতর্কে শিবির নেতার দাবি
‘প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি কিছুই লিখিনি’
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টের দায় অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি দাবি করেছেন, তার নামে প্রচারিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসু ভবন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
আমি নিশ্চিতভাবে জানি, ওই পোস্টটি আমি করিনি। বিষয়টি পরিষ্কার করতে আমি ফেসবুকে ব্যাখ্যাও দিয়েছি। প্রয়োজনে আমার ফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে তদন্ত করা হোক—আমি সত্য উদঘাটন চাই।
তিনি অভিযোগ করেন, ভুয়া পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ প্রত্যাশিত সহযোগিতা করেনি বলে দাবি করেন তিনি।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হুমকি বাড়তে থাকায় তিনি শাহবাগ থানায় জিডি করতে যান। কিন্তু সেখানে গিয়ে শুরুতে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি এবং সময়ক্ষেপণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, থানায় অবস্থানকালে হঠাৎ করে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে একটি দল ভেতরে ঢুকে তাকে খুঁজতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি একটি কক্ষে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সে কক্ষে ঢুকে তাকে লক্ষ্য করে হুমকি ও গালিগালাজ করে। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে মারার হুমকি দেয়। কিন্তু পুলিশ তখন কার্যকর কোনও ভূমিকা নেয়নি, বরং দর্শকের মতো দাঁড়িয়ে ছিলো—এমন অভিযোগ করেন তিনি।
ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























