Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২৯ জুন ২০২৬

আপডেট: ০০:১৫, ২৯ জুন ২০২৬

খতিয়ে দেখতে দুদককে নির্দেশের দাবি

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ওই সময়ে সংঘটিত সব ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছেন।

রোববার (২৮ জুন) রাতে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে নানা অভিযোগ রয়েছে। যমুনার অন্দরে ও কিনারে সংঘটিত কথিত দুর্নীতির বিষয়সহ ওই সময়ের সব কর্মকাণ্ড তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্রের প্রতিবেদনের ভিত্তিতেও তদন্ত কার্যক্রম শুরু করা যেতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিলো। এরপর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন স্বচ্ছতা নিশ্চিত করতে অতীতের সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি প্রতিবেদনে বর্তমান সরকারের সময় দুর্নীতির বিষয় তুলে ধরেছে বলে তিনি জেনেছেন। যদিও প্রতিবেদনটি তার কাছে নেই, তবুও এ বিষয়ে সত্যতা যাচাই করা প্রয়োজন। তিনি বলেন, ওই ১৮ মাসে কোথায়, কীভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলো, তা দুদকের মাধ্যমে অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা উচিত।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের অর্থনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে একটি লুটপাটনির্ভর অর্থনীতি এবং ক্রনি ক্যাপিটালিজম গড়ে ওঠে। তার দাবি, ওই সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে এবং ১৫ বছরে প্রায় ২৯ থেকে ৩০ লাখ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক নিয়ন্ত্রণ এবং মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে জনগণের বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো বিষয়গুলোকে আইনি সুরক্ষা দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হয়েছিলো বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদম ব্যবসার মাধ্যমে প্রায় ১৩ লাখ ৪০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৭৩ শতাংশ বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় অপাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছিলো।

বর্তমান সরকারের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের অর্থনৈতিক সংকট এবং অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের অস্থিরতা কাটিয়ে ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও নতুন অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ ও আসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের বাজেটকে ‘নিউ ইকোনমিক অর্ডারের বাজেট’ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনকল্যাণমূলক অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে বাজেটটি প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে এমন কোনও কর আরোপ করা হয়নি। ফলে বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়েনি।

তিনি জানান, বাজেটে উৎপাদনশীলতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় সরকার এ বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে