Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ১০ নভেম্বর ২০২৬

হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি

হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
ফাইল ছবি

সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতবিরোধ থাকলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার দেশে ফেরার প্রশ্নে অভিন্ন অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন দলের নেতারাই মনে করছেন, শেখ হাসিনার ঘোষিত ডিসেম্বরকেন্দ্রিক তৎপরতাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারেন। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি দেয়ার কথাও ভাবছে দলগুলো।

তবে এখন পর্যন্ত শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন কোনও বিশ্বাসযোগ্য ইঙ্গিত পাচ্ছে না দলগুলো। ফলে তার প্রত্যাবর্তন ঠেকাতে আলাদা কোনও কর্মসূচি বা বিশেষ প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতির অবনতি হলে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি রাখছে বিএনপি, জামায়াত ও এনসিপি।

ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন তত বাড়ছে। বিষয়টিকে অবশ্য তেমন গুরুত্ব দিতে চাইছে না বিএনপি। দলটির নেতাদের বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। অন্যদিকে তার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনও ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক রয়েছে বিএনপি।

জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক দলও একই অবস্থানে রয়েছে। দলগুলোর নেতারা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে বাস্তব কোনও উদ্যোগের পরিবর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন।

সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। ক্ষমতা হারিয়ে তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 

শেখ হাসিনা হঠাৎ প্যারাসুট দিয়ে নেমে আসবেন, আর সবাই ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবে, এমন পরিস্থিতি সম্ভব নয়। যারা নিজের দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারা আবার ফিরে এসে জনগণের সমর্থন পাবেন না। জনগণই তাকে প্রতিরোধ করবে।

নাশকতার আশঙ্কায় সতর্ক দলগুলো

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দণ্ডিত হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে।

বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের ধারণা, বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা মোকাবিলায় দলীয় পর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

এ জন্য সাংগঠনিক ইউনিটগুলোকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের তৎপরতা এবং এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর রাখার কথাও জানিয়েছেন দলগুলোর নেতারা। তবে কোনও অভিযোগ পাওয়া গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, খুনি হাসিনা দেশে ফেরার মতো পরিস্থিতিতে নেই। সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ বিষয়ে দলের মধ্যে বিশেষ কোনও আলোচনা নেই।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা দলটির সহযোগীরা যাতে দেশের অভ্যন্তরে কোনও ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, পলাতক হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে অতিরিক্ত কোনও পদক্ষেপ নেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতি দাবি করলে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, ইতিহাসে এমন নজির নেই যে গণ-অভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ সরকার পালিয়ে যাওয়ার পর কোনও অনুশোচনা বা ক্ষমাপ্রার্থনা ছাড়াই আবার ফিরে আসতে পেরেছে। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট দোসররা এসব অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। সাধারণ মানুষ এসব কথায় কান দিচ্ছে না। তার মতে, শেখ হাসিনার সাহসের একমাত্র উৎস ছিলো ফ্যাসিবাদী ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার হুমকি-ধমকিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না। ফলে তা প্রতিহত করার জন্য আলাদা কোনও প্রস্তুতির প্রয়োজন নেই। দেশে ফিরলে প্রচলিত আইনেই তার বিচার হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। যারা জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তারা ফিরে এলে ক্ষুব্ধ জনগণই তাদের প্রতিহত করবে। ডিসেম্বর ঘিরে জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রচলিত আইনেই কঠোর জবাব দেয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দলীয়ভাবে বিশেষ কোনও নির্দেশনা দেয়া হয়নি। আওয়ামী লীগকে কোনও একটি রাজনৈতিক দল নয়, বরং ছাত্র-জনতাসহ দেশের আপামর মানুষ ক্ষমতাচ্যুত করেছে। ফলে শেখ হাসিনা ফিরলে জনগণই ব্যবস্থা নেবে। বিএনপি বর্তমানে সাংগঠনিক কার্যক্রম ও দলীয় শক্তি বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে।

জনগণই প্রতিরোধ গড়ে তুলবে: জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন—এমন বক্তব্য মূলত রাজনৈতিক স্টান্টবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কর্মীদের চাঙা করা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া আর কিছু করতে পারবে না।

তিনি বলেন, নানা ধরনের অপতৎপরতার মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নেয়া হচ্ছে। শেখ হাসিনার হাতে যখন পুলিশ-প্রশাসনসহ সবকিছুর নিয়ন্ত্রণ ছিলো, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না।

ডিসেম্বর ঘিরে যেসব শঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে আসতে হলে সরকারের সঙ্গে সমঝোতা করে আসতে হবে। সরকার তা করবে বলে মনে হয় না। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যেও বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, 

যদি শেখ হাসিনা দেশে প্রবেশ করেন, তাহলে জুলাইয়ের মতো জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে। বিমানবন্দর কিংবা স্থলবন্দর—যে পথেই তিনি আসুন, জনগণ তাকে প্রতিহত করবে। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদের আস্তানা তৈরি করেছিলো। এ কারণে দেশের জনগণ রক্ত দিয়ে তাদের প্রতিহত করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। গুম, খুন ও গুপ্তহত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং জনগণ তার সাজা কার্যকর দেখতে চায়। জনগণের প্রতিরোধের সঙ্গে জামায়াত আগেও ছিলো, ভবিষ্যতেও থাকবে।

ফিরলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে: অন্যান্য দল

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দেড় দশকের শাসনামলের জন্য দলটি জাতির কাছে ক্ষমা চায়নি কিংবা কোনও অনুশোচনাও প্রকাশ করেনি। ফলে জনগণ তাদের গ্রহণ করবে না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার নিজেই শেখ হাসিনাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারে। তিনি দেশে ফিরলে আইনগতভাবে আত্মসমর্পণ করে কারাগারে যাবেন এবং বিচারের মুখোমুখি হবেন। তবে ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের একটি সুযোগ তৈরি হতে পারে। যদিও ক্ষমতা দখলের কোনও সুযোগ তাদের নেই বলে মনে করেন তিনি।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তিনি আসবেন বলে মনে করেন না। তবে তিনি সত্যিই ফিরলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, 

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে এনসিপি পাশে থাকবে বলেও জানান।

সব মিলিয়ে সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নিয়ে তিন দলের অবস্থানে মিল রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও যৌথ কর্মসূচি বা সমন্বিত রাজনৈতিক উদ্যোগের ঘোষণা আসেনি। পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপরই নির্ভর করছে দলগুলোর পরবর্তী পদক্ষেপ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২
ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশনে আতঙ্ক, যাত্রীদের ছোটাছুটি
সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী